ব্লগস্ট্রেস ও দুশ্চিন্তা6 min read
রিলাক্সেশন
22 বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

রিলাক্সেশন বা শিথিলায়ন চাপ বা স্ট্রেস মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উপায়। সাধারণত আমরা যখন কোনো কারণে চাপের মধ্যে থাকি, তখন তার প্রভাব শরীরের ওপর পড়ে; বিশেষত চাপ বা কোনো হুমকির মুখে পড়লে শরীরে "ফাইট অর ফ্লাইট" প্রক্রিয়া শুরু হয় এবং সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্রুত কাজ করতে শুরু করে। এই গতি কমিয়ে শরীর-মনের শান্তি নিশ্চিত করতে নিয়মিত শিথিলায়নের কৌশল অনুশীলন করা জরুরি। শিথিলায়ন মানে কেবল বিশ্রাম নেওয়া বা শখের কাজ উপভোগ করা নয়—এটি চাপ ও উত্তেজনা কমানোর জন্য বৈজ্ঞানিকভাবে তৈরি কিছু সুনির্দিষ্ট কৌশলের অনুশীলন। যখন আপনি আরাম করেন, তখন মাংসপেশি শিথিল হয়, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, এবং শ্বাস-প্রশ্বাস গভীর ও ধীর হয়।

গভীর শ্বাস-প্রশ্বাস (Deep Breathing)

এক হাত তলপেটে ও অন্য হাত বুকের মাঝখানে রাখুন। কিছু পরিবর্তন না করে শুধু লক্ষ্য করুন কীভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাসের সঙ্গে হাত কীভাবে নড়ছে।

শ্বাসের গতি লক্ষ্য করুন—দ্রুত না ধীর, গভীর না ভাসা-ভাসা।

ধীরে শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন বাতাস পেটের গভীরে পর্যন্ত যাচ্ছে। মনে মনে ১, ২, ৩, ৪, ৫ গুনতে গুনতে শ্বাস নিন এবং একইভাবে গুনতে গুনতে ধীরে ছাড়ুন।

প্রতিটি শ্বাসের সঙ্গে অনুভব করুন আপনি আরও বেশি আরাম পাচ্ছেন। এভাবে ২–৩ মিনিট অনুশীলন করুন।

মাংসপেশির শিথিলায়ন (Progressive Muscle Relaxation)

এই পদ্ধতিতে প্রথমে মাংসপেশি শক্ত করে মনে মনে ধীরে ধীরে এক থেকে পাঁচ গোনা হয়, পাঁচ সেকেন্ড পর পেশি পুরোপুরি ছেড়ে দিয়ে শিথিল করা হয়। প্রতিটি ধাপ এভাবেই করতে হবে:

ডান ও বাম হাতের মুষ্টি শক্ত করে, তারপর শিথিল করে চোখ বন্ধ করে আরাম করা।

দুই হাতের মুষ্টি বাঁকিয়ে কাঁধের কাছে এনে, তারপর হাত সোজা করে শিথিল করা।

কপালের ভ্রু কোঁচকানো ও স্বাভাবিক করা।

জিহ্বা উপরের তালুতে চেপে, ঠোঁট ভিতরের দিকে বাঁকিয়ে গালের পেশি শক্ত করা ও শিথিল করা।

নাক-মুখ কুঁচকানো ও স্বাভাবিক করা।

চোয়াল শক্ত করে থুতনিতে ঠেকিয়ে দুই কাঁধ উপরে তোলা ও স্বাভাবিক করা।

দুই হাত পিছনের দিকে বাঁকিয়ে পিঠের হাড় দুটো কাছাকাছি আনা ও শিথিল করা।

সামনের দিকে সামান্য ঝুঁকে পেটের পেশি শক্ত করা ও শিথিল করা।

চেয়ারে বসে নিতম্ব চেপে ধরে, তারপর স্বাভাবিক করে আরাম করা।

দুই পা টানটান করে আঙুল নিচের দিকে রেখে পাঁচ গোনা, তারপর আঙুল উপরের দিকে বাঁকিয়ে আবার পাঁচ গোনা, এরপর পা শিথিল করে চোখ বন্ধ করে আরাম করা।

শেষে বালিশ ছাড়া শক্ত বিছানায় চিৎ হয়ে চোখ বন্ধ করে কুড়ি মিনিট শুয়ে থাকা।

ভালো হয় যিনি ব্যায়ামটি জানেন এমন কারো কাছ থেকে হাতে-কলমে শিখে নিয়ে নিজে নিজে চর্চা করতে পারলে।

কল্পনার শিথিলায়ন (Guided Imagery)

এই ব্যায়ামের আগে মনে মনে একটি শান্ত, নীরব ও আরামদায়ক জায়গা নির্ধারণ করুন—যেমন সমুদ্রতীর বা পাহাড়। খেয়াল রাখুন যেন সব ইন্দ্রিয় দিয়ে জায়গাটি কল্পনা করা যায়—বাতাসে ঘ্রাণ, হাতের তালুতে উষ্ণ বালির স্পর্শ, পায়ের নিচে শুকনো পাতার শব্দ।

কল্পনা করুন, একটি আরামদায়ক পথ ধরে আপনি ধীরে ধীরে আপনার বিশেষ জায়গার দিকে হেঁটে যাচ্ছেন এবং সব চাপ ও দুশ্চিন্তা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে।

হাঁটার সময় পায়ের নিচের মাটি, চারপাশের শব্দ ও বাতাসের উষ্ণতা লক্ষ্য করুন; শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে অনুভব করুন দুশ্চিন্তা দূরে চলে যাচ্ছে।

জায়গায় পৌঁছে চারপাশের দৃশ্য, শব্দ, ঘ্রাণ ও স্পর্শ অনুভব করুন। কোনো কিছু স্পর্শ করে তার গঠন অনুভব করুন।

একটি আরামদায়ক জায়গায় বসুন বা শুয়ে পড়ুন এবং প্রশান্তি, নিরাপত্তা ও নতুন করে শক্তি অনুভব করুন। যতক্ষণ খুশি এখানে থাকুন।

ফিরে আসার সময় হলে একই পথ ধরে ফিরুন, ধীরে ধীরে হাত-পায়ের আঙুল নাড়ান এবং প্রস্তুত হলে চোখ খুলে মাংসপেশি প্রসারিত করুন।

শিথিলায়নের পূর্বপ্রস্তুতি

আরামদায়ক অবস্থানে বসুন: আরামদায়ক চেয়ার, সোফা বা বিছানায় অনুশীলন করুন; বাতি ক্ষীণ করুন, আঁটসাঁট পোশাক ঢিলা করুন ও জুতা-চশমা খুলে রাখুন।

মনোনিবেশ করুন: টেলিভিশন, রেডিও ও মোবাইল বন্ধ রাখুন। মনোযোগ বাড়াতে চোখ বন্ধ করুন বা একটি নির্দিষ্ট বিন্দুতে তাকান। মন এদিক-ওদিক গেলে কোনো বিচার না করে ধীরে ধীরে মনোযোগ শ্বাসের দিকে ফিরিয়ে আনুন।

আরাম করুন: আরামদায়ক শ্বাস দিয়ে অনুশীলন শুরু ও শেষ করুন এবং পুরো শরীরে শিথিলায়নের রেশ ছড়িয়ে দিন।

ধৈর্য ধরুন: এই কৌশলে পারদর্শী হতে সময় ও চর্চা লাগে; মন সরে গেলে মন খারাপ না করে আবার শ্বাসে ফিরুন।

প্রাত্যহিক জীবনে যুক্ত করুন: সময়ের সঙ্গে সঙ্গে যেকোনো জায়গায় শিথিলায়ন অনুশীলন করার চেষ্টা করুন, যাতে যখনই দরকার নিজেকে শান্ত করতে পারেন।